ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যসহ ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, অতিষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছেন, সেটিকে কেন্দ্র করে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন তার কথাতেই দেশে বড় কোনো অস্থিরতা তৈরি হয়েছে। তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অন্যথায় পরিস্থিতি কখন কী দিকে মোড় নেয়, তা বলা যায় না।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে যে বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই সমস্যার সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষ একমত। প্রয়োজন হলে দেশের ১৮ কোটি মানুষ সিফাতের মতো করে প্রতিবাদে সোচ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, তাদের ছয় দফা দাবির পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান রয়েছে। বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের অস্তিত্ব তারা মেনে নেবেন না।

তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং দুর্নীতির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও এসব সেবার বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির।

ঢাকাবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্যেই তারা কর্মসূচি শুরু করেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নেওয়া এই অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচির প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে এবং তাদের আন্দোলনের ‘ওষুধ’ কাজ করতে শুরু করেছে।