নিজের কাণ্ড ভুলে ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ন্যায়ের বাণী

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত সংসদ সদস্যের নাম গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের এই সংসদ সদস্যের একাধিক ভিডিও ভাইরালের মাধ্যমে আলোচনায় আসেন।

যদিও পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এই কাণ্ডে জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়।
এসব কাণ্ডের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব গাজী নজরুল। চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামের পক্ষে ফেসবুকে সরব হয়েছেন এই সংসদ সদস্য।

দিয়েছেন ন্যায়ের বাণীও। নিরাপদ শ্যামনগর গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে নিজের ফেসবুকে হাজী নজরুলকে নিয়ে একটি পোস্ট দেন গাজী নজরুল। ওই পোস্টে তিনি বলেন, ‘শ্যামনগরে বুড়িগোয়ালিনীর দুইবারের সফল চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার নয়, হাইকোর্টের দেওয়া জামিন না মঞ্জুর করে জেলে পাঠানো এবং তার বিরুদ্ধে মিথ্যা মুখরোচক অপপ্রচার প্রতিপক্ষের কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফল।

বরং ওই দোষে অপপ্রচারকারীরাই শতভাগ দায়ী।’
অপপ্রচারকারীরা ‘প্রাসাদ ষড়যন্ত্র’ করে বর্ণচোরা মুখোশের আড়ালে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর অমানবিক চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন গাজী নজরুল।

এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আলোচিত এই সংসদ সদস্য। ন্যায়ের বাণী দিয়ে তিনি বলেন, ‘এ ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে এখনই রুখে দাঁড়াতে না পারলে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের উদ্ভব হওয়া ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে। ভবিষ্যত সুন্দর নিরাপদ শ্যামনগর গড়ার লক্ষে বিষয়টি চিন্তাশীল সকলকে বিবেচনায় নেওয়ার সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।

এর আগে ওই নারীর সঙ্গে ভিডিও ভাইরালের পর ঘটনার ব্যাখ্যা ও নিজের পক্ষে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে পরে সেসব পোস্ট আর তার ফেসবুকে পাওয়া যায়নি। সর্বশেষ ১৮ জুলাই ‘চলমান আন্দোলনে শিক্ষার্থী এবং দায়িত্বশীলদের প্রতি পরামর্শ’ শিরোনামে একটি পোস্ট পাওয়া গেছে।

ভিডিওকাণ্ডের পর এবারই প্রথম অন্য কোনো ইস্যুতে ফেসবুকে সরব হলের গাজী নজরুল। হাজী নজরুলকে নিয়ে ওই পোস্টে এস কে সেলিম রেজা নামের একজন কমেন্ট করেছেন, ‘আমি আরো ভাবছিলাম আইডি মনে হয় চলে গেছে, এখন দেখা যায় লজ্জা শেষ হয়েছে পোস্ট চালু হয়েছে।’

গত সোমবার একটি মামলায় কারাগারে পাঠানো হয় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুলকে। ওইদিন সাতক্ষীরার আদালতে তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টার মামলায় জামিন পান গাজী নজরুল।