‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ইকবাল বরখাস্ত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অভিযোগে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরামর্শের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসাইন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি বক্তব্যের কারণে ব্যাপকভাবে আলোচিত হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ করে তার কথিত ‘একটা গুলি করলে একটাই মরে’ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকারি প্রজ্ঞাপনে ইকবাল হোসাইনের বিরুদ্ধে বলা হয়েছে, ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারের দায়িত্ব পালনের পর খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় তিনি ২৮ আগস্ট ২০২৪ থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তদন্তে তার বিরুদ্ধে ‘পলায়ন’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।