খেলতে খেলতেই মাঠে লুটিয়ে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ভলিবল খেলার সময় হঠাৎ মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ঘটা মর্মান্তিক এই ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় সামনে এসেছে। অবশ্য কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, বন্ধুদের সঙ্গে ভলিবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়ে মারা যাওয়া ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম লিখিত আমিন। তিনি দক্ষিণ কন্নড় জেলার সুরিঞ্জের কোটে বোল্লারু সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসএলসি (দশম শ্রেণি) শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সুরাথকালের কাছে সুরিঞ্জের একটি খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ভলিবল খেলছিল লিখিত। খেলার একপর্যায়ে সে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লিখিত প্রথমে সার্ভিস করেন। এরপর প্রতিপক্ষের বল ফেরাতে তিনি নেটের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর দুই হাত ওপরে তুলে হঠাৎ মাটিতে পড়ে যান। এ সময় অন্য খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে আসেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।