সন্তান না হওয়ার বেদনায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই রোগীর নাম রিয়া খাতুন (২০)। টিভিসাবস্ক্রিপশন

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে হয়। পরে আল আমিন দেশে এসে কিছুদিন অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান।

তিনি আরও বলেন, সন্তান নেয়ার চেষ্টা করলেও সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া তার শরীরেও একটি রোগ ধরা পড়ে। পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সর্বশেষ তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

লতিফ মল্লিক বলেন, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে বলেন, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ধরার চেষ্টা করলেও রিয়া নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারও কথা শোনেননি।

পরে অন্যদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks