রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা না করার আহ্বান জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ। রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
ওজোপাডিকোর ফেসবুকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সকল শ্রেণির গ্রাহকগণের নিকট অনুরোধ ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।’
ওই পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনুরোধক্রমে, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।
এ ব্যাপারে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ১৯ নভেম্বর এক’শ থেকে দেড়’শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেয়। হামলার আশংকায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায় তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে তো আর কাজ করা সম্ভব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে একটি অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।’
গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ অফিসের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে, এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেছেন, এ ধরণের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
চাকরির বাজার Jobs and Career Solution