রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তার দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া দুজন হলেন ৩০ বছর বয়সী সাবা ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়। আর শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় শিশু আর এস রহমান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন এবং অন্য একটি পরিবারের দুজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি জানান, সাবার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, দেড় বছর বয়সী শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাকরির বাজার Jobs and Career Solution